নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মতো যশোর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে হঠাৎ করেই কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে কেঁপে ওঠে যশোর শহর ও আশপাশের এলাকা।
ভূমিকম্পের সময় যশোর শহরের বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্ক দেখা যায়। অনেকেই খোলা জায়গায় আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল খুলনা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রোবায়েত কবীর গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল খুলনা অঞ্চলের দিকে হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। যশোর খুলনার কাছাকাছি হওয়ায় এখানেও স্পষ্টভাবে কম্পন টের পান মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার এ ধরনের ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতি না ঘটালেও সতর্কতা জরুরি। বহুতল ভবনে বসবাসকারীদের ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি ও সচেতনতা থাকা প্রয়োজন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প অনুভবের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কয়েক সেকেন্ডের কম্পন হলেও হঠাৎ এমন কাঁপুনিতে যশোরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
