নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোরাব আলী শেখ (৫৭) নামে এক কয়েদির (৩৮৯১/এ) মৃত্যু হয়েছে। রোববার রাত দুইটার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঘোষণা করেন। তিনি মাগুরার শ্রীপুরের খড়িবাড়িয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।
জেলসুপার সুরাইয়া আক্তার জানান, মাগুরা জেলা দায়রা জজ আদালত একটি হত্যা মামলায় তোরাব আলীকে ২০০৫ সালের ৩০ জানুয়ারিতে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন। এরপর থেকে দেশের বিভিন্ন কারাগারে ছিলেন তোরাব আলী। গত ২০২০ সালে ১৬ নভেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিলো না। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ দেখা দেয়। এসময় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পরে তার মৃত্যু ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
