নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিতে আট দিন বন্ধ থাকার পর রোববার শুরু হয়েছে যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের টায়ার-২। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এদিন লড়াইয়ে নামে আরএন রোড ব্রাদার্স ও থ্রি বাদ্রার্স ক্লাব। দুই ব্রাদার্সের এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে আরএন রোড ব্রাদার্স। ১৩৩ রানের বড় জয়ে শুভ সূচনা করেছে আরএন রোড ব্রাদার্স। ২৮ মে ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। ওই দিন দুই ম্যাচ সম্পন্ন হলেও পরের দিন থেকে বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১০ রান করে আর এন রোড ব্রাদার্স। পরে ব্যাট করতে নেমে ১৯ ওভার দুই বলে থ্রি ব্রাদার্সের দলীয় ইনিংস গুটিয়ে যায় ৭৭ রানে।
ব্যাট হাতে আর এন রোড ব্রাদার্সের পক্ষে অর্ধশতক করেছেন উদ্বোধনী ব্যাটার ইমন ও লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা ফাহিম। ইমন ৫০ বলে ছয়টি চার ও এক ছয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। পরে আর দুই রান যোগ করে রান আউটে কাটা পড়েন ইমন। ফাহিম ও খেলেন ৫২ রানের ইনিংস। এই রান করতে ইমনের ৬০ বল লাগলেও ফাহিম খরচ করেন মাত্র ৩০ বল। এর আগে এ ব্যাটার ১৪ বলে একটি চার ও সাতটি ছয়ে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
এছাড়া দলের দুই অংক ছোঁয়া ব্যাটারদের মধ্যে রাকিব ১৭ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৯, রিয়াফাত ১১ বলে একটি চারে ১১ ও চিন্ময় ১৮ বলে একটি চারে ১২ রান করেন। তবে তাদের দলগত স্কোরে সবচেয়ে বড় সংখ্যার রানটি আসে অতিরিক্ত হতে। অতিরিক্ত রানের সংখ্যা ৫৮।
বল হাতে থ্রি ব্রাদার্সের অর্পন বিশ্বাস, আসিফ, শিহাব ও অর্পন ব্যানার্জী নেন একটি করে উইকেট। থ্রি ব্রাদার্সের ব্যাটিং ইনিংসে ডাবল ফিগারে রান করেছেন মাত্র দু’জন ব্যাটার। এর মধ্যে আসিফ ১৮ বলে দু’টি চারে ১৬, স্বপ্ন ৪০ বলে ১৪ রান করেন। দলের পাঁচ ব্যাটার ফিরেছেন শূন্য রানে। বাকি তিন ব্যাটার কাফি, রাকিব, সাকিন ও শিহাবের রানের পরিসংখ্যান ৩, ৩, ৫ ও ১।
বল হাতে আর এন রোড ব্রাদার্সের ডানহাতি মিডিয়াম পেসার সেতু ও স্পিনার ফাহিম ছিলেন দুর্দান্ত। সেতু ১৪ ও ফাহিম ১১ রানে নিয়েছেন চারটি করে উইকেট। ২০ রানে দু’টি উইকেট নিয়েছেন রাকিব।