নিজস্ব প্রতিবেদক: যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের শুভ সূচনা করেছে রিপন অটো ক্রিকেট একাডেমি। সোমবার শামস্-উল হুদা স্টেডিয়ামে দেশ ক্রিকেট একাডেমিকে ৩৬ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয় পেয়েছে রিপন অটো।
অপরদিকে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে মণিরামপুর ক্রিকেট একাডেমি ৫৩ রানে মহিরণ স্কাই কিং ক্রিকেট একাডেমির বিপক্ষে জয় পেয়েছে।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দেশ ক্রিকেট একাডেমির অধিনায়ক সৌমেন। ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। দলের দশ ব্যাটারের রান ছিল টেলিফোন নম্বরের ডিজিটের মতোÑ ‘২০২১০০১০৬০’। একমাত্র দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারে নয় নম্বর ব্যাটার সৌরভ (১১)। সৌরভের ১১ ও ‘অতিরিক্ত ব্যাটসম্যান’ হতে জমা হওয়া ১৩ রানের উপর নির্ভর করে ১৬ ওভার ১ বল খেলে তাদের স্কোর বোর্ডে জমা হয় মাত্র ৩৭ রান।
বল হাতে রিপন অটোর শিহাব হোসেন তিনটি, মাসুদ হাসান, মেহেদী হাসান পরশ ও মাহিন নেন দু’টি করে উইকেট। এছাড়া একটি উইকেট নেন আশিক রাব্বি।
পরে জবাব দিতে নেমে জয়ের জন্য খুব বেশি সময় নেননি রিপন অটোর খেলোয়াড়রা। তারা ২১ বল খেলেই কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে। তাদের আশিক রাব্বি ১৭ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৩০ রান করেন। আব্দুল্লাহ ৭ বলে একটি চারে ৭ রান করেন।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে মণিরামপুর ক্রিকেট একাডেমি টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে ২৪ ওভার চার বলে ১০১ রানে গুটিয়ে যায় মহিরণ স্কাই কিং ক্রিকেট একাডেমির দলীয় ইনিংস।
ব্যাট হাতে মণিরামপুরের সাকিবুল ইসলাম ৩৬ রানে ছয়টি চার ও একটি ছয়ে ৪৪, সাদিকুল ১৭ বলে একটি ছয়ে ১০, অনিক ২৮ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৯, হুরা ২৬ বলে দু’টি চারে ১৪ ও রিজিনুল ১৮ বলে একটি চার ও দু’টি ছয়ে ২৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৮ রান।
বল হাতে মহিরণের পক্ষে শান্ত ও রাফি তিনটি করে, এছাড়া একটি করে উইকেট নেন ইয়াছিন ও বুলবুল।
ব্যাট হাতে মহিরণের হৃদয় ৫৫ বলে দু’টি চারে ২৮, ইয়াছিন ১৮ বলে তিনটি চারে ১৯, আলিফ হাসান ২৪ বলে দু’টি চারে ১৪ রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ ২৩ রান।
বল হাতে মণিরামপুরের জাবেদ চারটি, হাসিব তিনটি উইকেট দখল করেন। এছাড়া একটি করে উইকেট দখল করেন সাকিবুল ইসলাম ও সাজিদ।