নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজান মাসে যশোর শহরকে যানজটমুক্ত করতে অবৈধ দোকানপাট, ইজিবাইক এবং ইঞ্জিন চালিত রিকসা-ভ্যানের বিরুদ্ধে জোরালো অভিযানে নেমেছে যশোর পৌরসভা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের ২৫০ শয্যা হাসপাতাল ও ঈদগাহ মোড়, দড়াটানা, কালেক্টরেট এলাকা এবং ফায়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের পাশে ও ফুটপাতে অবস্থিত অবৈধ ২০০ দোকান উচ্ছেদ ও ৭০টি অবৈধ ইঞ্জিন চালিত অটোরিকশা ও নিবন্ধনবিহীন ইজিবাইক জব্দ করা হয়েছে। আজ সোমবারও এ অভিযান চলবে বলে জানিয়েছেন যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ।
তিনি বলেন, রমজান আসলেই শহর জুড়ে তীব্র যানজট শুরু হয়। রমজানে যাতে মানুষজন নির্বিঘেœ যাতায়াত করতে পারে সেজন্য রমজানের আগে যশোর পৌরসভা জোরালো অভিযান শুরু করেছে। আমরা প্রথমদিনে ২০০ অবৈধ দোকানপাট গুড়িয়ে দিয়েছি। এছাড়া অভিযানে ৬৮টি ইঞ্জিন চালিত অটোরিকশা ও ২টি নিবন্ধনবিহীন ইজিবাইক জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করার আগে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। জনস্বার্থে পুরো রমজানে এমন অভিযান চলমান থাকবে। অভিযানে যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ফুটপাতে কাজ করে খাওয়া দরিদ্র মানুষকে পুনর্বাসন বাদে যশোর পৌরসভা উচ্ছেদ করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার সম্পাদক তসলিম-উর-রহমান। তিনি বলেন, রোজার আগে দরিদ্র মানুষদের পুনর্বাসন বাদে উচ্ছেদ করে হাজার হাজার মানুষকে পথে বসালো পৌরসভা। এই মানুষেরা কাজ হারালো, পরিবার পরিজনের মুখে অন্ন কিভাবে দেবে পৌরসভা ভাবলো না। যা অমানবিক ও মানুষের মৌলিক (খাদ্যের) অধিকারের উপর আঘাত।
বিবৃতিতে তিনি আরো বলেন, একদিকে যুদ্ধ সাজে ফুটপাট ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে। অন্যদিকে পৌরসভার ভিতর বহুতল ভবন নির্মাণকারী ধনীরা সড়কের অর্ধেক ইট, বালু, পাথর, রড, সিমেন্ট রেখে দখল করে নিয়েছে। প্রতিনিয়ত সেখানে যানজট দুর্ঘটনা ঘটছে। সে বিষয়ে পৌরসভা নিরব। বিভিন্ন বড় বড় শো-রুমসমূহ ফুটপাতের উপর দ্রব্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি করছে। সে বিষয়েও পৌরসভা নিরব। পৌরসভার দ্বি-মুখি আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
