নিজস্ব প্রতিবেদক: জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও স্বাধীনতা দিবসের বিরতি দিয়ে এক সপ্তাহ পর শুরু হয়েছে যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রোববার শামস্-উল হুদা স্টেডিয়ামে জয় পেয়েছে উপশহর ক্রীড়া চক্র। তাদের কাছে ২৮ রানে পরাজিত হয়েছে সীমান্ত ক্লাব। এটি তাদের ধারাবাহিক দ্বিতীয় পরাজয়। তবে বিপরীত অভিজ্ঞতা হয়েছে উপশহর ক্রীড়া চক্রের। তারা দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে উপশহর ক্রীড়া চক্র ৪৭ ওভার পাঁচ বলে সব ক’টি উইকেট হারিয়ে ২০০ রানের দলীয় ইনিংস গড়ে। পরে জবাব দিতে নেমে ৪৩ ওভার তিন বলে ১৭২ রানে গুটিয়ে যায় সীমান্তের দলগত ইনিংস।
উপশহরের ব্যাটিং ইনিংসে সাকিব ৬২ বলে চারটি চারে ৩২, ইয়াছির আরাফাত ৬৬ বলে একটি চারে ১৮, বিল্লাল ৭১ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫৫ ও অনিক ৭৮ বলে দু’টি চারে ২৪ রান করেন। অতিরিক্ত হতে আসে ৩৯ রান।
বল হাতে সীমান্তের পক্ষে জ্যাকি তিনটি, শাওন ও ধীমান দু’টি করে এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ফরহাদ, ফয়সাল ও আরমান।
সীমান্তের ব্যাটিং ইনিংসে আরমান ২৪ বলে দু’টি চারে ১৬, হৃদয় ১৫ বলে তিনটি চারে ১২, সোম্মান ২৩ বলে দু’টি চার ও একটি ছক্কায় ২০, সিফাত ৪৩ বলে দু’টি চারে ১৮, হাসিব ২৩ বলে ১০, জ্যাকি ৫১ বলে দু’টি চারে অপরাজিত ৩১, ধীমান ৩৩ বলে ১০ ও শাওন ১৯ বলে দু’টি চারে ১৪ ও অতিরিক্ত হতে আসে ২৩ রান।
বল হাতে উপশহরের পক্ষে মাহিন, সাকিব, সাইয়ুম ও শাহবুদ্দিন নেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নেন আলিফ ও রাকিব।