নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরএনরোড বয়েজ। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে ১২০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ইয়াং ক্রিকেটার্স। সমান সংখ্যক ম্যাচে এটি প্রথম পরাজয় ইয়াং ক্রিকেটার্সের। দুই জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে আরএন রোড বয়েজ।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে ৪৪ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ২২৭ রানের দলীয় ইনিংস গড়ে আরএন রোড বয়েজ। পরে জবাব দিতে নেমে ২২ ওভার পাঁচ বলে ১০৭ রানে গুটিয়ে যায় ইয়াং ক্রিকেটার্সের দলগত ইনিংস।
এ ম্যাচে দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে অংশ গ্রহণ করেছেন খুলনা বিভাগীয় দলের সাবেক ক্রিকেটার আসাদুল্লাহ খান বিপ্লব। তবে আরএন রোড বয়েজের পক্ষে ব্যাট করতে খুব বেশি কিছু করতে পারেননি। ১৪ বলে এক চারে করেছেন ১৩ রান। এর পাশে আরএন রোডের ব্যাটিং ইনিংসে জুনায়েদ হোসেন ২২ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৫, সপ্তক শাহারিয়ার ৮৪ বলে পাঁচটি চারে ৫০, আদ্রিব জামান বর্ন ৪৩ বলে দু’টি চারে ১৯, মুরাদ হাসান নবাব ৪৯ বলে সাতটি চার ও একটি ছয়ে অপরাজিত ৬৩ ও আবু সাঈদ ১৫ বলে ১১ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ৩৬ রান।
বল হাতে ইয়াং ক্রিকেটার্সের ধীমান পাল তিনটি, ফয়সাল হোসেন ও আশরাফুল জামান নেন দু’টি করে উইকেট।
ইয়াং ক্রিকেটার্সের ব্যাটিং ইনিংসে শাহারিয়ার অনিক ৩২ বলে তিনটি চারে ২০, ইয়াছিন আলী ৩৭ বলে চারটি চারে ২৪ ও আশরাফুল জামান ১৬ বলে তিনটি চারে ২০ রান করেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ৩১ রান।
বল হাতে আরএন রোডের ইব্রাহিম তিনটি, তাহমিদ হাসান কাফি দু’টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন সপ্তক শাহারিয়ার, রাহাতুজ্জামান ও আবু সাঈদ।
এদিকে, ক্রিকেট পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টায়ার ওয়ানের খেলা শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ২ এপ্রিল থেকে। সে কারণে প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলা বৃহস্পতিবার থেকে স্থগিত করা হয়েছে।