নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে টিকে থাকতে জয়ের কোন বিকল্প ছিল না। এমন ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠেন মুন্সি এরশাদ আলী স্মৃতি একাদশের মৌমেন। শুক্রবার শামস্-উল হুদা স্টেডিয়ামে ব্যাট হাতে অর্ধশতকের সাথে বল হাতে নেন চার উইকেট। মৌমেনের এই অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে মুন্সি এরশাদ আলী স্মৃতি একাদশ।
আর্ডেন্সি স্পোর্টিং ক্লাবকে ১১২ রানে হারিয়ে মুন্সি এরশাদ আলী স্মৃতি একাদশ টিকে রইল প্রথম বিভাগ ক্রিকেটে। পরাজয়ের ফলে দ্বিতীয় বিভাগ ক্রিকেটের টায়ার-১ এ নেমে গেছে আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে মুন্সি এরশাদ ৩৬ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৫ রানের দলীয় ইনিংস গড়ে। ব্যাট হাতে মুন্সি এরশাদের শিমুল ১২ বলে একটি চারে ১১, আল আমিন ২২ বলে দু’টি চারে ১৫, রুম্মান ২০ বলে দু’টি চারে ২৬, মৌমেন ৬১ বলে আটটি চার ও দু’টি ছয়ে ৭০, সঞ্জয় ১৯ বলে একটি চারে ১৪ এবং হাসান ১৬ বলে একটি চার ও ছয়ে অপরাজিত ১৭ রান করেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ১২ রান। বল হাতে আর্ডেন্সির আসিফ ২৪ ও রুবেল ১৮ রানে তিনটি, তৌহিদ ৫৩ ও নয়ন ৩১ রানে নেন দু’টি করে উইকেট।
পরে জবাব দিতে নেমে ২৭ ওভার চার বলে ১১২ রানে গুটিয়ে যায় আর্ডেন্সির দলীয় ইনিংস। ব্যাট হাতে আর্ডেন্সির আসিফ ১৮ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৯, রুবেল হোসেন ২৯ বলে চারটি চারে ২৯ ও তৌহিদ ২৪ বলে একটি চারে অপরাজিত ১১ রান করেন।
বল হাতে মুন্সি এরশাদের আল আমিন ২৫ ও মৌমুন ১৮ রানে নেন চারটি করে উইকেট। ১৪ রানে দু’টি উইকেট দখল করেন আরমান।