নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ফুটবলের অসমাপ্ত খেলার সূচি প্রকাশ করেছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)। ১০ মে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার শংকরপাশা সরকারি মডেল মাঠে শুরু হবে। যশোর জেলা স্টেডিয়ামের মাঠ চেয়ে আবেদন করলেও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মাঠ প্রদান করা হয়নি বলে অভয়গরে লিগের অসমাপ্ত খেলা সম্পন্ন করা হবে বলে ডিএফএ, লিগ ও ক্লাব প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মঙ্গলবার যশোর প্রথম বিভাগ ফুটবল লিগ পরিচালনা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী সরু এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১-২০২২ মৌসুমের বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ একাধিকবার বৃষ্টির কারণে খেলার মাঠ অনুপযোগী থাকায় সামরিকভাবে বন্ধ রাখতে হয়। একই সাথে প্রধানমন্ত্রীর জনসভার কারণে খেলা বন্ধ রাখা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের বাকি খেলাগুলো সম্পন্ন করার জন্য একাধিক বার মাঠ বরাদ্দের আবেদন করেও পাওয়া যায়নি।
এমনকি মাঠ বরাদ্দ দেওয়া হবে কিনা জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ তাও অবহিত করেননি। যার কারণে সভায় উপস্থিত সকলেই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ও কুহেলিকা উন্নয়ন সংঘ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর দিক নির্দেশনার আলোকে অবশিষ্ট খেলাাগুলো সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন সূচি অনুযায়ী ১০ মে আবাহনী ক্রীড়া চক্র যশোর ও শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতির প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিনের বিরতি দিয়ে ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৫ মে অনুষ্ঠিত হবে লিগের ফাইনাল।
