নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগ শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। এতে জয় পেয়েছে ধুমকেতু ও কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র।
যশোর বাস্কেটবল গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচে ধুমকেতু ১৯-১২ পয়েন্টে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে। ম্যাচের ব্যক্তিগত ভাবে ধুমকেতুর সামিন সর্বোচ্চ ৮ ও লাবিব ৭ পয়েন্ট অর্জন করেন। অপর দিকে ব্রাদার্স ইউনিয়নের ইকরান হাসনাত ৮, মোসাইব হোসেন ও এএসএম মাহাবুব ২পয়েন্ট অর্জন করে।
দিনের অপর ম্যাচে কুদ্দুস শরীর চর্চা কেন্দ্র ৫১-৩৪ পয়েন্টে নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘের বিপক্ষে জয় পায়। ম্যাচের প্রথম কোয়ার্টারে কুদ্দুস স্মৃতি ১৪-১০ এগিয়ে ছিল। তবে পরের কোয়ার্টারে ৮-৭ পয়েন্টে এগিয়ে যায় নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ। তবে পরের দুই কোয়ার্টারে পয়েন্ট ব্যবধানে বাড়িয়ে নেয় কুদ্দুস স্মৃতি। পয়েন্টের ব্যবধান ছিল ১১-৮ ও ১৯-৮। এই ম্যাচে ব্যক্তিগত ভাবে কুদ্দুস স্মৃতির বাপ্পি সর্বোচ্চ ২০ পয়েন্ট অর্জন করে। এরপাশে দিপন ১৬ ও তামিম ৪ পয়েন্ট অর্জন করে। অপরদিকে নজরুল সিদ্দিকীর পক্ষে পাপন ১০, ইমন ৮ ও মুজাহিদ ৬ পয়েন্ট অর্জন করে।
সকালে ম্যাচ মাঠে গড়ালেও বিকেলে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। স্বাগত বক্তব্য রাখেন বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল।