নিজস্ব প্রতিবেদক
দুই দিনব্যাপি যশোর সাঁতার লিগের প্রথম দিনে পদক তালিকায় শীর্ষে ছিল যশোর সুইমিং ক্লাব। এদিন সম্পন্ন হওয়া ১১টি স্বর্ণ পদকের ছয়টিই তাদের ঘরে যায়। শুক্রবার দ্বিতীয় দিনেই সেই ধারা অব্যাহত রেখে দলগত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সমাপনী দিনে আরও ৭টি স্বর্ণপদক পেয়েছে। সব মিলিয়ে ২৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর সুইমিং ক্লাব। ১৭টি পদক জয়ে রানার আপ হয়েছে সিটি ক্লাব ইয়ুথ।
চ্যাম্পিয়ন যশোর সুইমিং ক্লাব ১৩টি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক জয় করেছে। রানার আপ দল সিটি ক্লাব ইয়ুথ পাঁচটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
এছাড়া ডলফিন সুইমিং ক্লাব তিনটি স্বর্ণ, দু’টি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় হয়েছে। চতুর্থ অবস্থানে গোল্ডেন স্টার স্পোর্টিং ক্লাব। তারা তিনটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারাডাইস টিটি ক্লাব একটি রৌপ্য ও সমসংখ্যক ব্রোঞ্জ পদক জিতেছে। ডিডি স্পোর্টিং ক্লাব একটি রৌপ্য ও গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব ও থ্রি ব্রাদার্স সুইমিং ক্লাব পেয়েছে একটি করে ব্রোঞ্জ পদক। শুন্য হাতে থাকতে হয়েছে বৈশাখী বাণিজ্য সংস্থা মিতালী সংঘকে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার পদক প্রাপ্ত খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার ও ওয়াটার পোলো পরিষদের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাঁতার পরিষদের সম্পাদক গোলাম মোর্শেদ লিন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
