নিজস্ব প্রতিবেদক
যশোরে ধারালো আগ্নেয়াস্ত্র, গুলি এবং বোমা তৈরির সামগ্রি উদ্ধারসহ দুই সহোদরকে আটক করেছে যৌথ বাহিনী। গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে এই ঘটনার পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এদিকে ওই দুই সহোদরকে বাড়ি থেকে ধরে নিয়ে মারপিট করে অস্ত্র-গুলি ও বোমা তৈরির সামগ্রি দিয়ে মামলা দেয়া হয়েছে বলে দাবি করেছেন আটক দুইজনের বোন মনি বেগম।
আটককৃতরা হলো, সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের দুই ছেলে বাদল হোসেন ও শাহিনুর হোসেন।
পুলিশ জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর দিবাগত গভীর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের পূর্বপাড়ায় বাদল ও শাহিনুর হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশিয় পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, দুইটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল, সাইকেলের বলসহ বেশ কিছু মোবা তৈরির উপাদান উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, আটককৃতদের বোন মণি বেগম জানিয়েছেন, তার দুই ভাই কৃষি কাজ ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। গত ১৭ ডিসেম্বর গভীর রাতে বাড়ি থেকে তাদের তুলে নিয়ে বেদম মারপিটের পর ওই সকল অস্ত্র দিয়ে মামলা দিয়েছে পুলিশ।
