নিজস্ব প্রতিবেদক: যশোরের একটি অস্ত্র মামলায় দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আসামিরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পূর্ব মরিচ্যা মধুঘোনা গ্রামের মৃত মনিরের ছেলে আশিক মিয়া ও যশোর শহরের বেজপাড়ার রবিউল আলম রবির ছেলে আশরাফুল আলম পিয়াল। তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই ইবনে খালিদ হোসেন এ চার্জশিট জমা দেন।
আদালত সূত্র জানায়, চলতি বছরের ২৮ আগস্ট র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জানতে পারে শহরের দড়াটানা বনফুল মিষ্টির দোকানের সামনে কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনা করছে। তাৎক্ষণিক তারা সেখানে অভিযান চালিয়ে আশিককে আটক করে। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়।
এঘটনায় র্যাব-৬ যশোরের এসআই আলমগীর হোসেন বাদী হয়ে আশিকসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার তদন্তে উঠে আসে আশিকের সাথে যশোরের বেজপাড়ার পিয়ালের যোগসূত্র। তারা মূলত এ অস্ত্র বেচাকেনার সাথে জড়িত। এছাড়াও এর সাথে মশিউর রহমান নামের আরেকজন রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মশিউরের নাম ঠিকানা শনাক্ত করতে না পারায় তাকে অব্যহতির আবেদন জানানো হয়। উল্লেখ্য, আশিক ও পিয়ালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।