নিজস্ব প্রতিবেদক
কৃষকদের জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করার ক্ষেত্রে সাপ্লায়ারদের অনন্য ভূমিকার স্বীকৃতি দিতে ‘আইফার্মার সাপ্লাই চেইন পার্টনার মিট ২০২৩’ এর আয়োজন করা হয়। গত ১৩ ডিসেম্বর যশোরের রেল রোডের গ্র্যান্ড দরবারে এই অঞ্চলের ১৫৮ জন নিবন্ধিত সাপ্লায়ারের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সাপ্লাই চেইন পার্টনার মিট অনুষ্ঠানে আইফার্মারের যেসকল সাপ্লায়ার নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করেছেন ও যারা ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সফল সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একইসাথে, প্রতিষ্ঠানটির কালেকশন সেন্টারের সাথে যুক্ত থেকে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বাজারে বিক্রি করতে পরিশ্রম করার ক্ষেত্রে তাদের অবদানের প্রতি স্বীকৃতি জানানো হয়। এর অংশ হিসেবে এই আয়োজনে সাপ্লায়ারদের স্মারক সনদপত্র প্রদান করা হয়।
আয়োজনে আইফার্মারের কার্যক্রমকে আগামীতে কীভাবে আরও সহজ, স্বাচ্ছন্দ্যদায়ক ও গতিশীল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, সাপ্লায়ারদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং কৃষকদের কীভাবে আরও বিস্তৃত সেবার আওতায় নিয়ে আসা যায় তার পরবর্তী পদক্ষেপ ঠিক করা বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইফার্মারের সাপ্লাই চেইন ভাইস প্রেসিডেন্ট তাহমিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।
এ বিষয়ে আইফার্মারের সাপ্লাই চেইন ভাইস প্রেসিডেন্ট তাহমিদ হাসান বলেন, দেশের কৃষকদের সামগ্রিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছে আইফার্মার। আর এই কাজকে সফল ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলার ক্ষেত্রে সাপ্লায়ার সহ অন্যান্য সহযোগীদের অপরিসীম অবদান রয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে সাপ্লায়ারদের পরিশ্রমের স্বীকৃতি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের কৃষকদের জীবন সহজ করতে এবং দেশের কৃষিকে আধুনিক ও যুগোপযোগী করার ক্ষেত্রে আইফার্মারের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের কৃষিখাতকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে কৃষকদের সার, কীটনাশক, আবহাওয়া পূর্বাভাসসহ সবরকম কৃষি পরামর্শ দিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে আইফার্মার। কৃষকদের সুবিধার জন্য কৃষি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াও যাচাই-বাছাই, কেনা ও সবরকম সেবা প্রদানের নিশ্চয়তাসহ হাতের নাগালে কৃষি যন্ত্রপাতি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এছাড়া তারা আর্থিক ক্ষেত্রেও কৃষকদের বিস্তৃত পরিসরে সেবা প্রদান করে যাচ্ছে।
এমনকি, কৃষকের উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার স্বার্থে দেশজুড়ে সাপ্লায়ার নেটওয়ার্ক গড়ে তুলেছে আইফার্মার। আর এসব সহযোগিতার মধ্য দিয়ে খরচ কমিয়ে এনে লাভের পরিমাণ বাড়ানোর সুযোগ পাচ্ছেন কৃষকরা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দেশের ১ লাখেরও বেশি নিবন্ধিত কৃষকের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।
