নিজস্ব প্রতিবেদক
ইমামিয়া পাক দরবার শরিফ যশোর শাখার উদ্যোগে মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব তুলে ধরতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুমিনদের আত্ম পরিচয় খুঁজে পাওয়ার এবং উন্নত মনোবৃত্তির সব শিক্ষা জড়িয়ে আছে আশুরা বিপ্লবের মধ্যে। যতদিন এ মহান ইমামের মহান আত্মত্যাগের স্মরণে অন্তরে ভক্তি ও ভালবাসা থাকবে, আর জিহ্বায় থাকবে তার সাহসী প্রকাশ, ততদিন এ রক্তাক্ত শাহাদাতের বাণী সমুন্নত ও চিরন্তন থাকবে, পৌঁছে যাবে পরবর্তী বংশধরদের কাছে।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আবু মুসা, মোস্তাফা খাঁন ফিরোজ, আশরাফ উদ দৌলা মিন্টু, মনিরুজ্জামান জনি, আশরাফুল কবির সুমন প্রমুখ।
প্রসঙ্গত, ৬১ হিজরীর ১০ মহররম জান্নাতী যুবকদের সর্দার, মানবতার মুক্তির মহান দিশারী আহলে বাইতে রাসুল (দ.) তথা পুত পবিত্রতম মহাসত্তা, সত্যের জন্য চরম আত্মোৎসর্গীত মহাপুরুষ ইমাম হুসাইন ইবনে আলী (সালামুল্লাহি আলাইহিমা)-এর শাহাদাতের দিন তথা আশুরা।
