নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে ইজিবাইক ব্যবসায়ী আলম হত্যা মামলার তিন আসামিকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মঞ্জুরুল ইসলাম ওই তিন আসামিকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিরা হলো, শহরের পুরতানকসবা কাজীপাড়ার কাঠ মিস্ত্রি শহিদুল ইসলামের দুই ছেলে সোহাদ হোসেন ও সোহান হোসেন এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে আইজুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি কোবান আলী পচাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ইজিবাইক ব্যবসায়ী নিহত আলম কোরবান আলী পচার ভাই এবং ওই মামলার সাক্ষী। আসামিরা পচা হত্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জন নিহতের পরিবারের উপর ভয়ভীতি দেখাতে থাকে। কিন্তু মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় আসামিরা তাদের উপর ক্ষিপ্ত হয়। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ মার্চ বিকেলে শহরের পুরাতন কসবা গোলামপট্টিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন নিহত পচার ভাই ইজিবাইক ব্যবসায়ী আলম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মার্চ ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের আরেক ভাই মুরাদ হোসেন ৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলার এজাহারনামীয় ওইতিনজনসহ চারজন পুলিশি গ্রেফতার এড়াতে গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ওই চারজনসহ ৫জনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল শুনানি শেষে বিচারক ওই চারজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর ও অপর দুইজনের অপর দুইজন পিয়ারুজ্জামান পিরু ও বাবলুর রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।