নিজস্ব প্রতিবেদক: যশোরে ক্রেতা ও বিক্রেতা সেজে প্রতারণার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সাথে সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের নামে মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
তারা হলেন, নোয়াখালীর চাটখিল থানার ফতেপুর গ্রামের জাকির হোসেন, মো. ফারুক, মো. হোসেন, ফেনী সদর উপজেলার সরিষাদি বাজার এলাকার ওবায়দুল হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার উচাই গ্রামের আলম মোল্লা ওরফে সুশান্ত, কুমিল্লার মনোহরগঞ্জ থানার প্রতাপপুর গ্রামের রবিউল আওয়াল ও গোপালগঞ্জের মকসুদপুর থানার কোহালদিয়া গ্রামের পারভেজ হোসেন।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৫ ডিসেম্বর অভিযুক্ত জাকির ও ফারুক প্রথমে যশোর সদরের পুলেরহাটে রিয়াদ হোসেন রাকিবের দোকানে গিয়ে হাজী কামাল কেমিক্যাল কোম্পানির লোক পরিচয় দিয়ে কিছু কোম্পানির মালামাল বিক্রয়ের জন্য রেখে আসেন।
পরদিন আসামি রবিউল আউয়াল ও ওবায়দুল ক্রেতা সেজে ওই মালামাল বাদীর দোকান থেকে ক্রয় করে নিয়ে আসে। এরপর অভিযুক্ত জাকির ও ফারুক পুনরায় রিয়াদ হোসেন রাকিবের দোকানে আরো অধিক পরিমাণ মালামাল রেখে আসে।
অভিযুক্ত হোসেন, আলম মোল্লা ওরফে সুশান্ত, পারভেজ ও অজ্ঞাতনামা আরো কয়েকজন ক্রেতা সেজে রিয়াদ হোসেনের দোকানে গিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত জাকির ও ফারুক এর দেওয়া মালগুলি ক্রয় করে নিয়ে আসত। সর্বশেষ তারা রিয়াদ হোসেন রাকিবের দোকানে গিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাল কেনার অর্ডার দেয়।
রাকিব হোসেন রাকিব অভিযুক্তদের দেওয়া অর্ডার মোতাবেক গত ২২ ডিসেম্বর অভিযুক্ত ফারুক ও অজ্ঞাতনামা পলাতক অভিযুক্তদেরকে নগদ দুই লক্ষ দুই হাজার টাকা দিয়ে মাল ক্রয় করে দোকানে রাখে। কিন্তু অভিযুক্ত হোসেন, মো আলম মোল্লা ওরফে সুশান্ত, পারভেজ, রবিউল আউয়াল ও ওবায়দুল পূর্বের অর্ডার দেওয়া মাল ক্রয় করার জন্য না আসলে রিয়াদ হোসেন রাকিব অভিযুক্তদের দেওয়া মোবাইল ফোনে যোগাযোগ করে।
কিন্তু অভিযুক্তরা তাদের অর্ডার দেয়া মাল ক্রয় না করে বিভিন্ন তালবাহানা করে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর রিয়াদ হোসেন রাকিব পিবিআই পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার যশোর কোতোয়ালি থানার জনৈক রবিউল ইসলামের বাড়ি থেকে সাতজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বুধবার যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।