নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে মারপিটসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে প্রতিবেশি নারীসহ সাতজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের জহুরা খাতুন ওরফে কুটি।
আসামিরা হচ্ছেন দোগাছিয়া গ্রামের আল আমিন, রিয়াদ হোসেন, হারুন অর রশিদ, চায়না বেগম, সিমা বেগম, কেয়া বেগম ও লাবনী বেগম।
মামলার বিবরণে জানা যায়, ৭ নভেম্বর রাত সোয়া ১২ টায় দোগাছিয়া গ্রামে তোফাজ্জেল হুজুরের কাছে তেলপড়া আনতে যাওয়ার পথে পূর্ব হতে ওৎ পেতে থাকা প্রতিবেশীরা পথরোধ করে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আল আমিন ও রিয়াদ হোসেন ওই নারীর কাপড় টানা হেচড়া করে।
পরে আল আমিনের বাড়ির উঠানে গাছের সাথে দঁড়ি দিয়ে বেঁধে রাখে। এক পর্যায়ে তার মাথার চুল কেটে দেয়া হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।