নিজস্ব প্রতিবেদক
বার্মিজ চাকু নিয়ে শক্তির মহড়া দিয়ে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টির অভিযোগে যশোর সদরের চাউলিয়া থেকে পুলিশ চার যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন শহরের রেলরোডের (ফুডগোডাউনের পাশে চারখাম্বা মোড়) মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৪), বেজপাড়া নলডাঙ্গা রোডের আকতার হোসেনের ছেলে আনিস রহমান (২৯), বেজপাড়া চোপদার পাড়ার তোতা গাজির ছেলে রাজু গাজি (২২) ও শহরতলীর শেখহাটি জামরুলতলার আল আমিনের ছেলে ফিরোজ হোসেন (২৪)। এ ঘটনায় চার জনকে আসামি করে নরেন্দ্রপুর ফাঁড়ির এস আই নাজমুল হাসান শনিবার মামলা করেছেন।
মামলায় তিনি বলেন, শুক্রবার ২৪ ফেব্রুয়ারি গোপন সূত্রে খবর পান চাউলিয়া নামক এলাকার রাজ স্টোর দোকানের সামনে ফুটপাতের উপর কতিপয় উঠতি বয়সের যুবক একত্রে মিলিত হয়। তারা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছিল। ওই খবরের ভত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উঠতি বয়সের সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এ সময় জাহিদুল ইসলামের কাছ থেকে ও ফিরোজ হোসেনের কাছ থেকে স্টিলের দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
