নিজস্ব প্রতিবেদক: শুক্রবার রাতে যশোরে চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আহতরা হলেন, সদরের ভেকুটিয়া কলোনী পাড়ার সাগর হোসেন (৩৫), রাজারহাট বিহারী কলোনী এলাকার শাহিন হোসেন (৪২), তার ভাই ইসলাম (৫০) ও ভাইজি শান্তা খাতুন (১৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে আরবপুরের ভেকুটিয়া কলোনী পাড়া হাফেজ মোহাম্মদ ইউসুফ মিয়ার বাসার গলির মধ্যে সাগর হোসেনকে সুজলপুর সরদার পাড়ার দাতাল বাবু (৪০), খোলাডাঙ্গার ইমরান হোসেন (২৭) ও সুমন হোসেনসহ (৩৫) আরো ৮/১০ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেলে রেফার করেছেন।
অপরদিকে শুক্রবার সকালে সদরের রামনগর রাজারহাটে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর রক্তাক্ত অবস্থায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, রাজারহাট বিহারী কলোনী এলাকার শাহিন হোসেন (৪২), তার ভাই ইসলাম (৫০) ও ভাইজি শান্তা খাতুন (১৫)।
আহত শাহিন অভিযোগ করে জানান, তার বাড়ির পাশে তার জ্বালানি তেলের দোকান রয়েছে। দীর্ঘদিন তার দোকানে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিলো। শুক্রবার সকালে রিমন, ইমন, চান্দুসহ সাত/আট জন তার দোকানে এসে চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। এ সময় ভাই ইসলাম ও ভাইজি শান্তা বাধাদিতে এলে হামলাকারীরা তাদের কেউ ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুরসালিনুর রহমান জানান, সন্ধ্যার পর সাগর নামে একজনকে ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসে অবস্থার অবনতি হলে ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করে। এছাড়া সকালে শাহিন ও ইসলামের বুকে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে এবং শান্তাকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাদের প্রচুর রক্ত ক্ষরন হয়েছে।
যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, সন্ধার পর ভেকুটিয়ায় সাগর নামে একজনকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। পুলিশ আসামিদের আটকের জন্য একাধিক টিম কাজ করছে।