নিজস্ব প্রতিবেদক
প্রাচ্যসংঘ যশোরে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় বারের মতো ভারত-বাংলাদেশের ৮৫ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে ‘ইন্দো-বাংলা যৌথ চিত্রপ্রদর্শনী ও কর্মশালা’র আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া এই প্রদর্শনী ও আর্ট ক্যাম্প প্রাচ্যসংঘ ক্যাম্পাস ও প্রাচ্য গ্যালারিতে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যশোরের প্রাচ্যসংঘ ও ভারতের চিত্র-অঙ্গন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শিল্পীসমাজছাড়াও এই কর্মশালায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এছাড়াও সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রাচ্যসংঘ প্রতিষ্ঠাতা।
ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের সহকারী অধ্যাপক চিত্রশিল্পী এ এফ এম মনিরুজ্জামান ২৩ ফেব্রুয়ারি প্রথম দিন সকাল ৯ টায় আর্ট ক্যাম্পের উদ্বোধন করবেন। একই দিন বিকাল চার টায় চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার। প্রদর্শনীর শেষ দিন ২৬ ফেব্রুয়ারি বিকাল চার টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।
চিত্র প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক এ আয়োজন দু’দেশের শিল্পীদের অঙ্কন দক্ষতা পুনরায় বিকশিত হবে। নতুন কিছু জানার শেখার সুযোগ তৈরি হবে। মেধার বিকাশ ঘটবে। দু’দেশের শিল্পীদের মাঝে সম্পর্কের মেলবন্ধন তৈরি হবে।
এসময় প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল, সভাপতি কাসেদুজ্জামান সেলিম, সহ-সভাপতি সাহিদ হোসেন লালবাবু, কার্যনির্বাহী সদস্য এ জে মনিরুল ইসলাম, ভারতের চিত্র-অঙ্গন’র প্রতিষ্ঠাতা স্বপন দেবনাথ, চিত্র-অঙ্গন’র প্রতিষ্ঠাতা সদস্য রাজু রবি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাচ্য একাদেমি যশোর ও পশ্চিমবঙ্গের ‘চিত্র-অঙ্গন’ ভারতের পারফর্মিং আর্টস ডিপ্লোমা পরীক্ষা বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে এই বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত ৬ হাজার প্রতিষ্ঠান ও ৬ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে।
