নিজস্ব প্রতিবেদক
যশোর জুনিয়র ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছে গ্রেট হান্টার। রানার্সআপ হয়েছে রাইজিং স্টার। শনিবার সন্ধ্যায় শহরের আরএন রোড নতুন বাজার মাঠে ফাইনালে গ্রেট হান্টার জয় পায় ৮ উইকেটে।
রাইজিং স্টার প্রথমে ব্যাট করে ৮ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৭ রান রান করে। দলের পক্ষে শোভন সর্বোচ্চ ৩২ রান করে। বল হাতে গ্রেট হান্টারের বায়োজিদ ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গ্রেট হান্টার। দলের পক্ষে অরিন সর্বোচ্চ ৪২ রান করে। দলের জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় ফাইনালের সেরা খেলোয়াড় হয় অরিন। সেই সাথে টুর্নামেন্টের সেরা ব্যাটারের খেতাব অর্জন করে অরিন।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের বায়োজিদ। বেস্ট ফাইটারের নীরব টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়। এছাড়া সেরা ফিল্ডার হয়েছেন রাইজিং স্টারের রায়হান।
রিপন অটোস প্রাইভেট লিমিটেডের পৃষ্টপোষকতায় আসাদ স্মৃতি একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে গ্রেট হান্টার, সুপার ম্যান, সুপার কিংস, বেস্ট ফাইটার্স, রাইজিং স্টার, সুপার হিরোস নামে ছয়টি দল অংশ গ্রহণ করছে। দল গুলো ৮-১২ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা অংশ গ্রহণ করে।
খেলা শেষে প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক কল্যাণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মাহাতাব নাসির পলাশ, এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান বিপ্লব, মনিরুল হুদা খান মনি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার উর্ধ্বতন সহ-সভাপতি সিরাজুল খান মিন্টু, রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন প্রমুখ।
