নিজস্ব প্রতিবেদক
যশোরে ডেঙ্গু সন্দেহে রোকেয়া বেগম (৫৬) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শার কাগমারী গ্রামের যাকাত আলী মোড়লের স্ত্রী। বুধবার ভোরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মৃতের স্বজন আসাদুজ্জামান জানান, ছয়দিন জ্বর থাকার পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা ডেঙ্গু পরীক্ষা করে। রিপোর্টে নেগেটিভ আসলে হাসপাতালের চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করে। গত সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে আসলে প্রথমে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। পরে ডেঙ্গু সন্দেহে তাকে ডেঙ্গু ওয়ার্ডে রেফার করে। ডেঙ্গু ওয়ার্ডে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে শিফ্ট করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টা ৪৩ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদুর রহমান।
এবিষয়ে হাসপাতালের আরএমও ডা. পার্থ প্রতিম চক্রবর্ত্তী জানান, তাকে ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে তার ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
