নিজস্ব প্রতিবেদক
যশোরের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন চতুর্থ ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ দলের খেলোয়াড়রা। বিষয়টি এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আরিফ উল্লাহ। শনিবার যশোর শহরের টাউন হল মাঠে প্রীতি ম্যাচ শেষে আরিফ উল্লাহ বলেন, প্রথমবারের মতো যশোরে এসেছি। যশোরের পরিবেশটা সুন্দর। সেই গত দুই দিনে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা ও তাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে।
এর আগে ব্লাইন্ড টি-২০ ক্রিকেট বিশ^কাপের রানার্সআপ বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাইকেল মধূসূদন একাদশ ও তরিকুল ইসলাম একাদশ নামে এক প্রীতি ম্যাচে অংশ নেয়। টাউন হল মাঠে ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে মাইকেল মধূসূদন একাদশ। যশোর ব্লাইন্ড ক্রিকেট এই প্রীতি ম্যাচের আয়োজন করে। এর আগে শুক্রবার রাতে যশোর বাঁচতে শেখা মিলনায়তনে বিশ^কাপে রানার্সআপ দলের খেলোয়াড় কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
তরিকুল একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাইকেল মধুসূদন একাদশ।
এর আগে পুলিশ সুপার জিয়া উদ্দিন প্রীতি ম্যাচের উদ্বোধন ও খেলোয়াড়-কর্মকর্তাদের সাথে পরিচিত হন। তিনি তার বক্তব্যে ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য যশোর ব্লাইন্ড ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে এমন আয়োজন দেখে অন্য রকম এক ভালো লাগা কাজ করছে বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে থাকেন তারা সাধারণত অন্যের উপর নির্ভর বা অন্যের শরণাপন্ন হয়ে থাকেন কিন্তু আজকের এই টুর্নামেন্ট-ই বলে দেয় আসলে মানুষের অসাধ্য বলে কিছু নেই। প্রচন্ড ইচ্ছা শক্তি আর প্রচেষ্টা থাকলে সেটা সম্ভব হয়। তিনি এমন আয়োজনের মাধ্যমে বেশি বেশি প্রচার করে অন্যদের উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান, এজেএম সালেক, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহিন ইকবাল, যশোর ব্লাইন্ড ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাশা, সহ-সভাপতি এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, সাধারণ সম্পাদক খায়রুল কবির চঞ্চল প্রমুখ।
ম্যাচ শেষে খেলোয়াড়-কর্মকর্তারা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শনে যান।
