নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক অভিযান চালিয়ে নাশকতার তিনটি মামলায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, গত ২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার এড়েন্দা বাজার এলাকা থেকে আওয়ামী লীগের দেয়াড়া ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন ওরফে বাবু (৫৫) কে আটক করা হয়। তিনি এড়েন্দা বাজার এলাকার মৃত ডাক্তার আব্দুল খালেকের ছেলে।
একই দিনে রাত ৯টার দিকে শহরের ষষ্টিতলা পাড়া এলাকা থেকে আওয়ামী লীগের কর্মী ফয়সাল হোসেন (৩৮) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। ডিবি পুলিশের বিশেষ সহায়তায় তাদের দুজনকে আটক করা হয়। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানান এসআই ইলিয়াস।
এদিকে কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানান, গত ২ জানুয়ারি রাতে শহরের বেজপাড়া মাহফুজ সড়ক এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহাগ (৪৮) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত কাজী সদরুল হুদার ছেলে। গত ১২ নভেম্বর ভোরে যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি তিনি।
অন্যদিকে কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, একই রাতে নিজ বাড়ি থেকে যুবলীগের নওয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম (৫০) কে আটক করা হয়। তিনি তরফ নওয়াপাড়া এলাকার আবু বক্কর সরদারের ছেলে। ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর–মনিরামপুর সড়কের কালাইতলা এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রেও ডিবি পুলিশের সহায়তা নেওয়া হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী হোসেন জানান, নাশকতার মামলায় আটক চারজনকে ৩ জানুয়ারি আদালতে সোপর্দ করা হয়েছে।
