নিজস্ব প্রতিবেদক: যশোরের একটি আদালত ফেনসিডিল চোরাচালান মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো যশোরের বেনাপোলের বুজতলা গ্রামের আবুল কালাম, নোয়াখালির সেনবাগের আহাম্মদপুর গ্রামের ড্রাইভার আব্দুল কুদ্দুস ও গোলাম মাওলা।
মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়ারা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আবু সেলিম রানা ও অ্যাডভোকেট বিমল কুমার রায়। মৃতুদন্ড প্রাপ্ত আবুল কালাম আটক আছে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ১০ অক্টোবর সকালে যশোরের র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল থেকে ফিরোজা কার্গো গাড়িতে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। ডিএডি আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল বেনাপোল সড়কের গলফ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করেন। ফিরোজা কার্গো গাড়িটি চেকপোস্টে আসলে তল্লাশি করে ১২টি চটের বস্তায় ২ হাজার ২৪৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার ওই তিনজনকে আটক করা হয়। এই ঘটনায় ডিএডি আফজাল হোসেন চোরাচালান দমন আইনে তিনজনকে আসমি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন এসআই মাহফুজুল হক এজাহারনামীয় তিনজনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন।
এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেকের মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ড্রাইভার আব্দুল কুদ্দুস ও গোলাম মাওলা পলাতক রয়েছে।