নিজস্ব প্রতিবেদক
সচতেনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা প্রতিপাদ্যে যশোরে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএ্যাবিলিটি (এনডিডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথ আরো প্রসারিত হবে-এটাই সকলের প্রত্যাশা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান প্রমুখ। পরিচালনা করেন এডাবের সহসভাপতি শাহজাহান নান্নু।
এদিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একইদিন সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
