নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর পশ্চিমপাড়ায় বিয়ে বাড়িতে প্রেমিকসহ সন্ত্রাসীদের বোমা বিষ্ফোরণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। শংকরপুর পশ্চিমপাড়ার মৃত শাখাওয়াত তরফদারের ছেলে শুকুর আলী (৪৩) মঙ্গলবার রাতে মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে শংকরপুর গোলপাতা মসজিদের পাশে (নান সদর আলীর বাড়ি থাকে) অয়ন হোসেন (১৯), বাঘারপাড়া উপজেলার আজমপুর গ্রামের আমান উল্লাহ (১৯) ও শংকরপুর গোলপাতা মসজিদের পাশে শুভ (২০)। এছাড়া অজ্ঞাত নামা ২/৩ জন। আসামিদের মধ্যে অয়ন ও আমানকে পুলিশ গ্রেফতার করেছে।
মামলায় বলা হয়েছে, শুকুর আলীর মেয়ে সাদিয়া খাতুনকে আসামি শুভ রাস্তা ঘাটে উত্ত্যক্ত করতো। মেয়ে শুকুর আলীকে ঘটনাটি জানায়। বিষয়টি শুকুর আলী শুভ ও তার পরিবারকে জানায়। কিন্তু শুভ ও তার পরিবার বিষয়টি গুরুত্ব দেয় না। এ অবস্থায় ৩০ মেয়ে সাদিয়ার বিয়ের দিন ধার্য ও শংকরপুর পশ্চিম পাড়ায় শুকুর আলীর শ্বশুর বাড়ি বিয়ের আয়োজন করা হয়। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১১ টায় বিয়ের সব কার্যক্রম শেষ করা হয়। বিয়ের কার্যক্রম শেষে শুকুর আলী তার ছেলে মাসুদ রানা, মাসুদ রানার স্ত্রী বাবলী খাতুন, শ্বাশুড়িকে নিয়ে শুকুর আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছুলে আসামিরা তাদের গতি রোধ করে। খুন জখমের উদ্দেশ্যে তাদের উপর আক্রমণ করে। পরে তিনটি হাত বোমা মাসুদকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। একটি বোমা রাস্তার পাশের দেয়ালে লেগে বিষ্ফোরিত হয়। অন্য দুটি বোমা অবিষ্ফোরিত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আফম মনিরুজ্জামান জানান, হামলা মারপিট ও বোমা হামলার ঘটনায় শংকরপুর থেকে মামলার আসামি অয়ন ও আমানকে আটক করা হয়। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।