নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রোববার সকালে ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যে নিয়ে শোভাযাত্রা আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একটা সময়ে বাংলাদেশে অগ্রযাত্রার প্রতিবন্ধকতা ছিলো জনসংখ্যা। জনসংখ্যা বাংলাদেশের বড় সমস্যা ছিলো। অধিকহারে জনসংখ্যা বৃদ্ধির ফলে কাক্সিক্ষত মানের উন্নয়ন ব্যাহত হতো। কিন্তু বর্তমানে এই সমস্যা কিছুটা উত্তরণ ঘটাতে পারলেও এখন বড় সমস্যা মাদক। মাদক বর্তমানে সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এ থেকে যুব সমাজকে রক্ষা ও সচেতনতা বাড়াতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে সমাজের মানুষদের এগিয়ে আসতে হবে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আসলাম হোসেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাংন প্রতিযোগিতায় ৭টি গ্রুপে ১৯ জন বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেন।
