নিজস্ব প্রতিবেদক
যশোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চার মাদক কারবারীকে আটক করা হয়েছে। তারা হলেন, যশোর সদর উপজেলার চাউলিয়ার সাইদুলের স্ত্রী ছালমা বেগম (৪০), রামনগরের জাবেদ সরকার স্ত্রী ফাতেমা, ঘোড়াগাছা গ্রামের শওকত আলীর ছেলে মিরাজুল ইসলাম এবং নরেন্দ্রপুর গ্রামের আজিজুল হাকিমের ছেলে আমিনুল্লাহ।
এসময় তাদের কাছ থেকে দুই কেজী ১শ’ ৬০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল মেশিন, একটি কাচি ও মাদক বিক্রির পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত নয়টার পর আসামি ছালমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এছাড়া ওই বাড়ি ও রান্নাঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
এছাড়া সেনাবাহিনী ও পুলিশ আরও একটি যৌথ অভিযান চালায় রামনগরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ফাতেমার বাড়িতে। এসময় তার বাড়ি থেতে ১শ’৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৯ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় ফাতেমার স্বামী জাবেদ সরকার কৌশলে পালিয়ে গেছে। এঘটনায় কোতোয়ালি থানার এসআই সাইফুল আসলাম বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ছালমা ও ফাতেমা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন তারা নিজ বাড়িতে মাদক বিক্রি করছে। এসমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া ফাতেমার স্বামী জাবেদকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
