নিজস্ব প্রতিবেদক: যশোরে একটি স্কুলের সেফটি ট্যাংকের ভেতর থেকে সায়েমা বেগম (৩৫) নামে ইটভাটার এক নারী শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমি স্কুলে আসার পর বিষয়টি জানাজানি হয়। এরপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
যশোর জেনারেল হাসপাতালের মর্গের দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানিয়েছেন, মরদেহটি এক নারীর। পুলিশ সেভাবেই সুরহাল রিপোর্ট তৈরি করেছে।
নিহতের ভাই শরিফুল ইসলাম বলেন, সায়েমা সাতক্ষীরার তালা উপজেলার সাতপাখিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। সায়েমা ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের দফাদার ইটভাটায় কাজ করতে আসে মাস দেড়ে আগে। মাঝে জাহাঙ্গীর বাড়িতে গিয়েছিল। মাস খানেক আগে সায়েমা নিখোঁজ হয়। এই ঘটনায় আমি সাতক্ষীরার তালা থানায় একটি জিডিও করি। বৃহস্পতিবার সকালে যশোরে একটি লাশ উদ্ধারের সংবাদ শুনে আসি। পরে হাসপাতালে গিয়ে বোনের মরদেহ সনাক্ত করি।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রথমে মরদেহটি নারী না পুরুষের তা বোঝার উপায় ছিল না। লাশটি পচে বিকৃত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাশের পরিচয় সনাক্ত হয়। নিহতের ভাই লাশের পরিচয় সনাক্ত করেছে।