নিজস্ব প্রতিবেদক
যশোরে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ১৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে ২ কোটি ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের সভাকক্ষে উদ্যোক্তা সমাবেশে এই ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই এন্ড এসপিডি অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকটির ইভিপি এন্ড এসএমই বিজনেস কো অর্ডিনেটর কামরান আহমেদ। এসময় বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যশোরের শাখা ব্যবস্থাপক ও এভিপি শাকিল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেলাগুলোতে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। তবে ব্যাংকের নিয়ম নীতিগুলোও মানতে হবে। পুরনো উদ্যোক্তাদের সঙ্গে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে তার সকল ব্যবস্থা করা হবে। সমাবেশে জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে জেলার ১৫টি ব্যাংক মিলে সহজ শর্তে ওই ঋণ প্রদান করা হয়েছে। নারী পুরুষ উদ্যোক্তাদের উৎসাহিত করে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল করতে এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।
