নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ তিন যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের পেরুলী–ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন— উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) এবং শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা (২৩)।
এলাকাবাসী জানান, কয়েকদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসীরা পালাক্রমে রাতের পাহারা দিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পেরুলী–ধুলগ্রাম সড়কে একটি মোটরসাইকেলে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করতে যান স্থানীয়রা। এ সময় একজন পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ইছামতি গ্রামের রবিউল মোল্যা ওই দুই যুবকের পক্ষে কথা বললে তাকে নিয়েও সন্দেহ তৈরি হয়। পরে তিনজনকেই আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, শুভরাড়া ইউনিয়ন থেকে তিন যুবককে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
