নিজস্ব প্রতিবেদক
পালবাড়ি থেকে শিক্ষা বোর্ড অফিস হয়ে মণিহার পর্যন্ত জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ বিষয়ক অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তার, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা জামায়াত ইসলামীর আমীর গোলাম রসূল প্রমুখ।
এসময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্থানীয় জনগণ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ছাত্র প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এসময় বক্তারা টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়ে উন্নয়ন কাজ করার দাবি জানান। তারা প্রাচীন জনপদের জেলা শহর হিসেবে যশোরের অবকাঠামোগত উন্নয়ন না হওয়াতে দুঃখপ্রকাশ করেন। এছাড়া জমি অধিকরণের ক্ষেত্রে সঠিক বাজার মূল্য ও নির্ধারিত স্থান নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেন। বক্তারা ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে ও প্রকল্প দুর্নীতিমুক্ত করার দাবিও করেন।
সভার সভাপতি মো. আজহারুল ইসলাম বলেন, এই শহরে আমরা থাকবো না। এখানকার উন্নয়ন ভোগ করবে এই জনপদের মানুষ। আমাদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে টেকসই উন্নয়ন করতে হবে। পালবাড়ি মোড় থেকে মণিহার এই রাস্তাটি গুরুত্বপূর্ণ। এই রাস্তা ৪ লেনে তৈরির বিষয়ে আমরা একমত। এছাড়া পরবর্তী কার্যক্রম শুরু করার বিষয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
