নিজস্ব প্রতিবেদক
রাত তখন প্রায় ১টা। শহরের মনিহার এলাকায় হঠাৎ পুলিশের অভিযান। অভিযানে ধরা পড়লেন যশোরের আলোচিত যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামি সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’। তার সঙ্গে আটক করা হয়েছে সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রতনকেও।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশের ভাষ্য, ‘দাঁতাল বাবু’ যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে ১৮টির বেশি মামলা। এসব মামলার কারণে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন তিনি।
সম্প্রতি রামনগর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায়ও সাইদুজ্জামান বাবুকে এজাহারভুক্ত আসামি করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, আত্মগোপনে থেকেও বাবু ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পুলিশের কাছে পরিচিত।
আটকের পর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
