নিজস্ব প্রতিবেদক
যশোরে যৌতুক দাবির অভিযোগে ব্যাংক কর্মকর্তা কাজী সাদিকুর রহমানের বিরুদ্ধে বুধবার আদালতে মামলা করেছেন তাসিন ফাতিহা নামে তার স্ত্রী। তিনি শহরের চুড়িপট্টির জাকির হোসেনের মেয়ে। সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
অভিযুক্ত কাজী সাদিকুর রহমান সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের কাজী আনিছুর রহমানের ছেলে। বর্তমানে তিনি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকার প্রধান শাখায় ট্রেড অপারেশন ম্যানেজার পদে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২২ মে পারিবারিকভাবে ফাতিহাকে বিয়ে করেন সাদিকুর। দাম্পত্য জীবনে তাদের ১টি মেয়ে ও ১টি ছেলে সন্তানের জন্ম হয়। বেশ কিছুদিন ধরে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে সাদিকুর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে তিনি স্ত্রীকে পিতার বাড়িতে তাড়িয়ে দেন। গত ১ জুলাই সাদিকুরকে যশোরে ডেকে আনেন ফাতিহা বিষয়টি মীমাংসার জন্য। কিন্তু সাদিকুর যৌতুক ছাড়া স্ত্রীকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়ে দেন। এ কারণে কোনো উপায় না পেয়ে আদালতে মামলা করেছেন ফাতিহা।
