কল্যাণ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ইহজগতের মায়া কাটিয়ে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে মেনে এসেছে শোকের ছায়া। যারা কিংবদন্তি এই শিল্পীর সান্নিধ্য পেয়েছিলেন, তারা স্মৃতিচারণ করেছেন লতা মঙ্গেশকরকে নিয়ে। বাংলাদেশের খুব অল্প কয়েকজন সুরের সম্রাজ্ঞীর সান্নিধ্য পেয়েছিলেন। তাদের মধ্যে রুনা লায়লা অন্যতম।
লতা মঙ্গেশকরের মৃত্যুর পর ফেসবুকে কিংবদন্তি এই সংগীতশিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন রুনা লায়লা। ফেসবুকে রুনা লায়লা লিখেছেন: যে কণ্ঠটি আমার মতো লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন তিনি এখন স্বর্গে ফেরেশতাদের জন্য গান গাইছেন। বছরের পর বছর ধরে আমরা ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলেছিৃ.তার অনুমতি নিয়ে আমি তাকে কৌতুক পাঠাতেও সাহস করেছিলাম, যা তিনি খুবই উপভোগ করেছিল। দিদির খুব ভালো সেন্স অব হিউমার ছিল। তিনি নিজের কিছু মজার অভিজ্ঞতা আমাকে বলেছেন, আমরা একসঙ্গে হেসেছি।
রুনা লায়লা আরও লিখেছেন, তার কথা শুনতে খুব ভালোবাসতাম আমি। তার মধুঝরা কণ্ঠস্বরই আমার কাছে সংগীত ছিল। আমি যখন তাকে শুভ সকাল জানাতাম, সেটার বিপরীতে তিনি আমাকে তার প্রিয় ছবি, গান, ফুল, বাচ্চাদের ছবি-ভিডিও পাঠাতেন। আমার প্রত্যেক জন্মদিনে তিনি শাড়ি পাঠাতেন। এই বছর তিনি বলেছিলেন, ‘তুমি যেহেতু লন্ডন যাচ্ছো, সেখান থেকে ঢাকায় ফিরলে তোমার উপহার পাঠিয়ে দেব’। দিদি, আপনিই আমার কাছে সর্বোচ্চ উপহার।