নিজস্ব প্রতিবেদক
রূপালী ব্যাংকের ডিজিএম মতিলাল ফকিরের গ্রামের বাড়ি মণিরামপুরে চাঁদা দাবির অভিযোগে দুই সহোদরসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ডিজিএম মতিলাল ফকিরের স্ত্রী মণিরামপুরের হাকোবা গ্রামের বাসিন্দা তাপসী রাণী বাদী হয়ে মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মণিরামপুর থানার ওসিকে আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মণিরামপুর গ্রামের রণজিৎ বিশ্বাসের দুই ছেলে সঞ্জয় বিশ্বাস ও স্বপন বিশ্বাস।
মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুরের হাকোবা গ্রামের মতিলাল ফকির রূপালী ব্যাংকের ডিজিএম পদে ঢাকায় কর্মরত আছেন। তার স্ত্রী তাপসী রাণী মণিরামপুরের হাকোবা গ্রামেই ছেলে-মেয়ে নিয়ে বাসবাস করেন। আসামিরা বেশ কিছুদিন ধরে তাপসী রাণীর কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ভয়ভীতি দেখিয়ে আসছিল। গত ৭ এপ্রিল রাতে সঞ্জয় ও স্বপনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো কয়েকজন তার বাড়িতে এসে চাঁদার ৬ লাখ টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে মারপিট করে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং আট আনা ওজনের কানের দুল খুলে নেয়। এসময় চাঁদার বাকি টাকা না দিলে খুন জখম করবে বলে হুমকি দিয়ে যায়। আসামিদের এই ধরণের কর্মকাণ্ডে ভীত হয়ে এবং টাকা ও গহনা উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলাটি করেছেন।
