নিজস্ব প্রতিবেদক
ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার যে মাঠে খেলেছেন, সেই জিমখানা মাঠে এবার খেলবে বাংলাদেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল। বুধবার শচীনের শহর মুম্বাইয়ে পৌঁছে গেছেন দেশের আগামীর ক্রিকেটাররা।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গত মৌসুমের সেরা ক্রিকেটারদের বাছাই করে নানা ধাপ পেরিয়ে তৈরি হয়েছে এই অনূর্ধ্ব-১৬ দল। স্বপ্নযাত্রায় সঙ্গী হয়েছেন ১৬ ক্রিকেটার। এই ১৬ জনের দলে সুযোগ পেয়েছেন যশোরের বাঁহাতি ওপেনার আজিজুল হাকিম তামিম।
গত বছরের ২৫ জুলাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের সাথে আসাম সফর করেন যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা মোড়ের মুহাম্মদ হুসাইনের ছেলে।
পুরো সফরে দুটি তিনদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৬ দল। সবগুলো ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল।
বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু হবে। ২৮ এপ্রিল প্রথম তিন দিনের ম্যাচ। ৩ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৮, ৯ ও ১১ মে হবে তিনটি ওয়ানডে। সবগুলো ম্যাচ হবে শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে। ১২ মে দল দেশে ফিরবে।
বর্তমানে চলছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২২-২৩। এই টুর্নামেন্ট শেষে জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে আগামীর দল। যারা খেলবেন বিদেশে। ইতোমধ্যে গত বছরের বেশ কজন ক্রিকেটার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিয়েছেন।
বিসিবির ঘোষিত অনুর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেট দল:
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মেদ রিফাত বেগ, দেবাশীষ সরকার, কালাম সিদ্দিকী আলিন, তাওয়াফ মাশরাফি, আহসান আল মুনিম, তুর্য সরকার, সামিউল বশির রাতুল, কায়েস রহমান লাবিব, ইয়াসির আরাফাত, শেখ ইমতিয়াজ শিহাব, মোহাম্মদ সবুজ, সামিউল ইসলাম শুভ, শাহরিয়া আল আমিন, সঞ্জিত মজুমদার।
