নাভারণ (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শার উলাশীতে সন্ত্রাসীরা ৮ বিএনপি নেতা কর্মীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১ টার সময় শার্শার উলাশী বাজারে। আহতদের শার্শা উপজেলা ও যশোরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ধলদা গ্রামের আমিনুর রহমান নেদা (৬০), উলাশী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সম্বন্ধকাঠি গ্রামের কদর আলী (৬৭), উলাশী ইউনিয়ন বিএনপি নেতা কাঠুরিয়া গ্রামের আতাউর রহমান মতি (৫৭), বড়বাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন আশা (৫৫), যুবদল নেতা পানবুড়ি গ্রামের আব্দুল হাই (৫০) ও বিএনপি নেতা মৎস্য ব্যবসায়ী কাঠুরিয়া গ্রামের আব্দুল জলিল (৫৫), কৃষক আলম শাহ (৫৫)।
আহতদের মধ্যে আমিনুর রহমান নেদার অবস্থা আশংকজনক। আহত কদর আলীর বাম হাত ভেঙে গেছে।
উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান জানান, সোমবার বেলা ১১ টার সময় উলাশী বাজারে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে সভা ছিল।
উলাশী বাজারের বিএনপি নেতারা অভিযোগ করেন, কোন কিছু বুঝার আগেই সন্ত্রাসী বাহীনি হাতুড়ি ও লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে জখম করে। এদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ঘটনায় উলাশী বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন মুহূর্তে আবারো সংঘর্ষ বাধতে পারে বলে আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।