নিজস্ব প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা চতুর্থ জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী আরএন রোড ক্রীড়া চক্র। এ জয়ের ফলে তারা এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোর নিশ্চিত করেছে। সোমবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে ১৫৮ রানে পরাজিত হয়েছে স্কাইল্যাব। এটি তাদের টানা তৃতীয় পরাজয়।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৭১ রানের বড় ইনিংস গড়ে আরএন রোড ক্রীড়া চক্র। পরে জবাব দিতে নেমে ৪১ ওভার পাঁচ বলে স্কাইল্যাবের দলীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরএন রোড ক্রীড়া চক্রের অধিনায়ক মঈনুল ইসলাম সোহেল। ব্যাট করতে নেমে ৮৯ রানে সাত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দলটি। কিন্তু অষ্টম উইকেট জুটিতে আমিনুর রহমান-নিলয় জুটি দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। একই সাথে এই জুটি ১৩৯ রান দলকে বড় স্কোর গড়তে সহায়তা করেন। শেষ পর্যন্ত দলটি স্কোর দাঁড়ায় ২৭১ রান। যেটি আবার চলতি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান।
আরএন রোডের পক্ষে ব্যাটার সাদমান রহমান ৭৩ বলে এক বাউন্ডারিতে ২৬, মঈনুল ইসলাম সোহেল ৩৯ বলে এক বাউন্ডারি ও এক ছক্কায় ২৬, আমিনুর রহমান ৬৯ বলে সাত বাউন্ডারি ও দুই ছক্কায় ৭৭, নিলয় ৬৪ বলে সাত বাউন্ডারি ও দুই ছক্কায় ৬৫ ও রুবেল ১০ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় ৩০ রানে অপরাজিত ছিলেন। অতিরিক্ত হতে আসে ২৩ রান।
বল হাতে স্কাইল্যাবের নির্জন ২৮ রানে তিনটি, রনি মন্ডল ২৭ রানে চারটি এছাড়া একটি করে উইকেট নেন তাজ ও জিসান।
স্কাইল্যাবের ব্যাটিং ইনিংসে রান ৪২ বলে দু’টি বাউন্ডারিতে ১৬, আয়াজ ১২ বলে দু’টি চারে ১১, বারিকুল ৬৪ বলে তিনটি চারে ২০, জিসান ২৩ বলে একটি বাউন্ডারিতে ১০, রনি মন্ডল ৪৩ বলে দু’টি বাউন্ডারিতে ১৪ ও নির্জন ২৯ বলে তিনটি বাউন্ডারিতে ১২ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ১৫ রান।
বল হাতে আরএন রোডের পক্ষে রুবেল ২১ রানে ও তামিম ১৫ রানে তিনটি করে উইকেট নেন এছাড়া আকাশ ২৬ ও জাওয়াদ মোঃ রয়েন নেন দু’টি করে উইকেট।
আজকের খেলা: জাগরণী সংসদ বনাম সূর্য সংঘ।