কল্যাণ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার কোনো হদিস নেই। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই।
সভায় বক্তারা সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছেন তা তুলে ধরেন। এ ছাড়া বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
