নিজস্ব প্রতিবেদক: রেডক্রিসেন্ট যশোর ইউনিট থেকে সহসভাপতির পর এবার দুইজন নির্বাহী সদস্য পদত্যাগ করেছেন। এরা হলেন মুস্তাক হোসেন শিম্বা ও আহসান হাবীব চৌধুরী শাহীন। রোববার তারা সংস্থার যশোর ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের কাছে এই পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত ৫ ডিসেম্বর মূলতবি সাধারণ সভায় সহসভাপতি পদ থেকে শহিদুল ইসলাম মিলন পদত্যাগ করেছিলেন।
সাধারণ সভায় আসাদুজ্জামান মিঠু রেডক্রিসেন্ট যশোর ইউনিটের নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, চলতি বছরের আগস্ট মাসে ১৬৪ জনকে গোপনে সদস্যপদ দেয়া হয়েছে নির্বাচনে জয়ী হবার জন্য।
সেখানে ৩ বছর আগে মৃত সাংবাদিক রেবা রহমানকে তিন মাস আগে দেয়া হয়েছে সদস্যপদ। অথচ শহরের বিশিষ্টজনদের দেয়া হয়নি সদস্যপদ। যা রেডক্রিসেন্টের নীতিমালার পরিপন্থি। যে কারণে এই নির্বাচন বাতিল করে ক্রটিপূর্ণ ভোটার তালিকা করে গ্রহণযোগ্য নির্বাচন করার দাবি জানাচ্ছি। রেডক্রিসেন্ট যশোর ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, এসব পদত্যাগপত্র ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হবে।