হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার বিভিন্ন থানায় জিডি করে হারানো মোবাইল ফোন ফিরে পাচ্ছেন ২৬ মালিক। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত এক মাসে বিভিন্ন ব্রান্ডের ২৬টি হারানো মোবাইল উদ্ধার করেছে। এছাড়া বিকাশ ও নগদ একাউন্ট থেকে ভুল নম্বরে টাকা পাঠানো ৪ জনের ৭৬ হাজার টাকা উদ্ধার হয়েছে। এসব টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। এ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়রানির শিকার দু’জন নারী পেয়েছেন আইনী সহায়তা।
ভুক্তভোগীরা জানিয়েছেন, হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পাওয়ার নজির এর আগে যশোরে দেখিনি। এবারই ক্ষতিগ্রস্ত মানুষ ফিরে পেলেন খোয়া যাওয়া মোবাইল ফোন ও ভুল নম্বরে পাঠানো টাকা। যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম দৃশ্যমান ছিল না। এবারই প্রথম সংস্থাটি সুখবর দিলো। সংস্থাটির কার্যক্রমে গতি ফিরেছে বলেও মন্তব্য করেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেলের কনফারেন্স রুমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এসব তথ্য জানান। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতারণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করছেন সেলটির সদস্যরা। সাইবার স্পেসে কোন নারী প্রতারণা বা হয়রানির শিকার হলে তা জানাতেও অনুরোধ করা হয়েছে।
এর আগে গত এক বছরে পাইকগাছা থানা পুলিশ রেকর্ড সংখ্যক খোয়া যাওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার এবং প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের রেকর্ড সৃষ্টি করে।