নিজস্ব প্রতিবেদক
যশোরের রাজারহাটে সাড়ে ১৯ ভরি স্বর্ণালংকার ডাকাতির আড়াই মাস পর আরো চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো, কুষ্টিয়ার মীরপুর উপজেলার আবুরী গ্রামের মল্লিকপাড়ার আয়ুব আলীর ছেলে রায়হানুল হক, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণকাঠিয়া গ্রামের মৃত জানকিনাথ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার, ইটাগাছা গ্রামের ঘোষপাড়ার গনেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদার বাবু ও উত্তর পলাশপোল গ্রামের আনিচুর রহমানের ছেলে মাহিন রহমান শাওন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, গত ১৪ জুলাই রাজারহাট রেল ক্রসিং এলাকায় ২/৩ জন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং কর্মচারী রাসেল গাজীর চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এরপর তাদের কাছ থেকে ১৯ ভরি আটআনা স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ডাকাতি করে মনিরামপুরের ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় স্বর্ণের মালিক সুধীর কুমার দান বাদী হয়ে ১৫ জুলাই কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকালে গত ২০ সেপ্টেম্বর যৌথ অভিযানে উজ্জল হোসেন ও নিশান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মুসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকে গ্রেপ্তার করা হয়। প্রথম দফায় গ্রেপ্তার হওয়া এই চারজনের মধ্যে উজ্জল হোসেন এবং রতন শেখ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো চার ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চক্রটি আন্তঃজেলা ডাকাত দল হিসেবে বিভিন্ন জেলায় সক্রিয় ছিল।
