সাতক্ষীরা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশ ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৪টায় শহরের আমতলা মোড়স্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের বাঁধার মুখে পড়েন বিএনপি নেতা-কর্মীরা। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদস্য সচিব তাসকিন আহম্মেদ চিশতি, সদর থানা বিএনপির আহ্বায়ক এ্যাড. নুরুল হক, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকসহ জেলা বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বিএনপির কর্মসূচিতে কোন বাধা দেয়া হয়নি।
তবে বিএনপি ও আওয়ামী লীগের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে দুই দলকে আলাদা আলাদা জায়গায় দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করতে বলা হয়।