নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। তিনি ওই বাসায় বসবাস করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডরিনের বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মুমতারিন ফেরদৌস ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ২০২৪ সালের ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যার তথ্য প্রকাশ্যে আসে।
ভারতীয় ও বাংলাদেশি পুলিশের তদন্তে উঠে আসে, কলকাতার একটি ফ্ল্যাটে তাঁকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড করা হয়। পরে শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে সরিয়ে ফেলার তথ্যও তদন্তে উঠে আসে। হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশেই তদন্ত ও আইনি কার্যক্রম শুরু হয়।
বাবার নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর সন্ধান ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ছিলেন ডরিন। এ ঘটনায় তিনি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করেন। বাবার হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে তাঁকে একাধিকবার গোয়েন্দা কার্যালয়েও যেতে দেখা যায়।
ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। বাবার হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।
