নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচার করতে পরিহিত সোয়েটারের মধ্যে লুকিয়ে নেয়া ১৮টি স্বর্ণের বারসহ নাজমুল হোসেনকে (২২) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকালে যশোরের চৌগাছার তিলকপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। নাজমুল হোসেন চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে। যশোরস্থ ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে এক ব্যক্তি স্বর্ণের বার নিয়ে মোটরসাইকেলযোগে চৌগাছা হতে ভারত সীমান্তের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবি সদস্যরা চৌগাছার তিলকপুর সীমান্ত এলাকায় অভিযান চালান। বিজিবি মোটরসাইকেল চালককে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করছিলেন। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তার পরিহিত সোয়েটারের মধ্যে সুকৌশলে লুকানো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন দুই কেজি। মূল্য দুই কোটি টাকা।
এ ঘটনায় চৌগাছা থানায় মামলার প্রস্তুতি ও উদ্ধার স্বর্ণ কাস্টমে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
আরও পড়ুন: তারের জটলায় জীবন ঝুঁকিপূর্ণ