নিজস্ব প্রতিবেদক
যশোর-৫ মণিরামপুর আসনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী ও তার সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এ অভিযোগ করেন নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী। আমি সরকারি সকল সুযোগ সুবিধা না নিয়েই ভোট করছি।
নির্বাচনের সকল নীতিমালা মেনেই কাজ করছি। এবার দিয়ে আমার চতুর্থ নির্বাচন হবে। কোন অনিয়ম কিংবা প্রভাবিত করার মত কোন কাজ করার প্রশ্নই আসে না। তিনি বলেন, প্রশাসন আমাদের বিরুদ্ধেও কিন্তু জরিমানা করেছে। আমাদেরকে ছাড় দেয়নি। বিজয় দিবসের র্যালিতেও আমাদের জরিমানা করা হয়েছে। প্রশাসন এত দুর্বল নয়, যে আমার অনুকূল মেনেই কাজ করবে। নির্বাচন কমিশন খুবই কঠোর। নিরক্ষেপভাবে নির্বাচন কমিশন কাজ করছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী ও তার সমর্থকরা। তিনি ও তার কর্মীরা মণিরামপুরে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও মারপিটের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে তার ওপর দায় চাপানো হচ্ছে।
তিনি আরো বলেন, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসএম ইয়াকুব আলী নৌকা মার্কার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়। তিনি এর প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
