শাহিনুর রহমান ঝাঁপা প্রতিনিধি: সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে। এ এক অপরুপ সৌন্দর্য। যেন প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে। চারপাশের মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ ।
মনিরামপুর উপজেলার ঝাঁপা মাঠে সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা পড়েছে বিস্তৃত প্রকৃতি। উপজেলার প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধানো বর্ণিল সমারোহ। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানোর অপরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।
গত কয়েক বছর পর বেশি লাভের আশায় সরিষা চাষে ঝুঁকেছেন এ উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে এ অঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এখন শুধু ভালো ফলনের আশায় কৃষকরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। চলতি রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ হানা দিলেও বর্তমানে পরিবেশ অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গ্রামীণ জনপদের কৃষকরা এই সরিষা যথাযথভাবে ঘরে তুলতে পারলে এবং ভালো বিক্রয় মূল্য পেলে বিগত দিনের লোকসান পুষিয়ে নিতে পারবে।
চলতি মৌসুমে ইউনিয়নে প্রায় ৩০ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে উপ-সহকারী কৃষিকর্মকর্তা ভগিরথ চন্দ্র বলেন, এবার রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার বাম্পার ফলন হবে। এবং কৃষকরা বাড়তি মুনাফা পাবে বলেও তিনি মনে করেন।